বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০২:০২ পিএম
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলভক্তদের আরও বেশি সম্পৃক্ত করতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে তারা।
এই চুক্তির আওতায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শুরুর ১০ মিনিট ইউটিউবে সম্প্রচার করা হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে এই ব্যবস্থা কার্যকর থাকবে। ফিফা এটিকে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের প্রথম ১০ মিনিট একধরনের ‘টিজার’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিশেষ করে তরুণ দর্শকদের আগ্রহ বাড়িয়ে তাদের পূর্ণ ম্যাচ দেখতে টিভি বা অনুমোদিত সম্প্রচার মাধ্যমে টানার চেষ্টা করা হবে। সম্প্রচার স্বত্বধারীরা নির্দিষ্ট কিছু ম্যাচ নিজেদের ইউটিউব চ্যানেলেও দেখাতে পারবে।
এ ছাড়া, ফিফা তাদের বিশ্বকাপ আর্কাইভ থেকে অতীতের স্মরণীয় ম্যাচ ও মুহূর্তও শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এই চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে এটি যে বাণিজ্যিক ও দর্শক সম্প্রসারণ উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ, তা বলছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
গ্রুপপর্ব শেষে শীর্ষ দুই দলের সঙ্গে সেরা তৃতীয় স্থানধারী দলগুলো নিয়ে রাউন্ড অব ৩২ থেকে শুরু হবে নকআউট পর্ব। সবশেষে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
এদিকে, গ্রুপপর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। অন্যদিকে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।
সব মিলিয়ে, নতুন এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দিতে চায় ফিফা।
আরটিভি/এসকে