images

খেলা / ক্রিকেট

বিমান চালিয়ে ভাইরাল গ্লেন ফিলিপস

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৮:৪৮ পিএম

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে কিউই দলের অন্যতম স্তম্ভ এবং বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্লেন ফিলিপস। ক্রিকেট মাঠের পর এবার বিমান চালিয়ে আলোচনায় এসেছেন এই কিউই অলরাউন্ডার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি ‘সেসনা ১৭২’ হালকা বিমান অত্যন্ত দক্ষতার সঙ্গে চালাতে এবং নিরাপদে অবতরণ করতে দেখা গেছে  ফিলিপসকে। গত বছরের (২০২৫) সেপ্টেম্বরেই তিনি প্রাইভেট পাইলট লাইসেন্স (পিপিএল) অর্জন করেছেন।

বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অকল্যান্ড শহরের ওপর দিয়ে বিমান চালানোর অভিজ্ঞতা শেয়ার করে তিনি একে তার ‘বিশাল প্যাশন’ হিসেবে অভিহিত করেছেন। 

আরও পড়ুন
RAJSAHI-I-PHN

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর চমক, ক্রিকেটারদের আইফোন উপহার

এমনকি ক্রিকেটের পর এভিয়েশনকেই নিজের প্রথম পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। পাইলট হওয়ার নেশায় ফিলিপস সম্প্রতি নিউজিল্যান্ডের আর্ডমোর ফ্লাইং স্কুলে সময় কাটিয়েছেন।

সেখানে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ‘এ৩২০’ সিমুলেটর চালানোর অভিজ্ঞতাও নিয়েছেন তিনি। কিউই এই তারকা একে একটি ‘অসাধারণ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন।

কয়েক দিন আগেই আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে পরাজিত হওয়া নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ফিলিপস। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আসন্ন আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নামবেন তিনি। ২০২৫ সালের নিলামে দলে যোগ দিলেও ইনজুরির কারণে গত মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি। তবে ২০২৬ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি তাকে ধরে রেখেছে।

আরটিভি/এসআর