images

খেলা / ফুটবল

বৈষম্যের অভিযোগে ইসরায়েলকে জরিমানা করল ফিফা

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৯:৩৭ এএম

বৈষম্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা ও সতর্কবার্তা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) তাদের সদস্য হিসেবে একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। 

এর প্রেক্ষিতে সংস্থাটিকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে এবং তাদের আচরণ নিয়ে সতর্ক করা হয়েছে। ফিফার শৃঙ্খলা বিধির ১৩ (আচরণবিধি ও ফেয়ার প্লে লঙ্ঘন) এবং ১৫ (বৈষম্য ও বর্ণবাদী আচরণ) ধারার অধীনে এই শাস্তি দেওয়া হয়।

আরও পড়ুন
Lpy

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনছে উয়েফা

এছাড়া, ভবিষ্যতে বৈষম্য প্রতিরোধে একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফিফা প্রতিযোগিতায় ইসরায়েলের জাতীয় দলের পরবর্তী তিনটি হোম ম্যাচে ‘Football Unites the World – No to Discrimination’ স্লোগানসহ একটি ব্যানার প্রদর্শন করতে হবে। ব্যানারের নকশা, আকার ও স্টেডিয়ামে অবস্থান ফিফার অনুমোদনের জন্য ম্যাচের অন্তত ১৫ দিন আগে জমা দিতে হবে।

এর আগে, ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ফিফা কংগ্রেসে ইসরায়েলের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলে, যার ভিত্তিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় শৃঙ্খলা কমিটিকে।

এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তির আহ্বান জানিয়ে বলেন, ফুটবল ভেদাভেদ দূর করে মানুষের মধ্যে সংযোগ তৈরি করতে পারে। তিনি আসন্ন বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের আশাও ব্যক্ত করেন।
 
আরটিভি/এসআর