images

খেলা / ক্রিকেট

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৬:০১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই অভিষেক ঘটে উতাগুশিমানিন্দের। আর সেই অভিষেক ম্যাচেই ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড নিজের নামে লেখান তিনি। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কোনো ব্যাটারের সেঞ্চুরি করার নজির ছিল না।

ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি হাঁকান এই তরুণী। তার দাপুটে ব্যাটিংয়ে রুয়ান্ডা ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ঘানা। ফলে রুয়ান্ডা ১২২ রানের বড় জয় পায়। দলের পক্ষে বেলিসে মুরেকাতেতে ৩টি উইকেট নেন, এছাড়া ঘানার তিন ব্যাটার রানআউট হন।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টারের দখলে। তিনি ২০২১ সালে নিজের ১৬তম জন্মদিনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রানের ইনিংস খেলেছিলেন। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন উতাগুশিমানিন্দে।

মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর, যিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে মালির বিপক্ষে ১১৬ রান করেছিলেন।

অন্যদিকে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে ৪০ বলে ১০২ রান করেন তিনি। সেই ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে দীর্ঘদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের দখলে রেখেছিলেন আফ্রিদি।

আরও পড়ুন
BD-VS-IND

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত, সূচি নির্ধারণ

সব মিলিয়ে, অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে এমন অসাধারণ কীর্তি গড়ে ফ্যানি উতাগুশিমানিন্দে ভবিষ্যতের এক সম্ভাবনাময় তারকা হিসেবে নিজের আগমনী বার্তা জোরালোভাবে জানিয়ে দিলেন।

আরটিভি/এসকে