images

খেলা / ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৭:৩৪ পিএম

পাঁচ ম্যাচের সিরিজে দারুণ লড়াই জমিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। ফলে এখন সিরিজ নির্ধারণ হবে শেষ ম্যাচে।

ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান ওপেনার উইয়ান মাল্ডার।

তবে দ্রুত ঘুরে দাঁড়ান টনি ডি জর্জি ও কনোর এস্টারহুইজেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ৫০ রান তোলে দল। এস্টারহুইজেন ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ডি জর্জিও ২১ বলে ২৩ রান যোগ করেন।

মধ্যভাগে কিছুটা চাপে পড়লেও রুবিন ফররেস্টার, জেসন স্মিথ ও জর্জ লিন্ডের ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ডিয়ন হারম্যান অপরাজিত থাকেন ২৫ বলে ২৮ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ২টি উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ২৮ রান। টিম রবিনসন ২২ বলে ৩২ রান করে আউট হন, আর কাটেনে ক্লার্ক করেন ৯ রান।

ড্যান ক্লেভার ১৬ বলে ২৬ রান করলেও অন্যরা ধারাবাহিকতা রাখতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। শেষদিকে জশ ক্লার্কসন, কোল ম্যাককঞ্চি ও জেমিসন কিছুটা চেষ্টা করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন
CENTURY

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি ৩টি উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। এছাড়া ওটিনেইল বার্টম্যান, প্রেনেলান সুবরায়েন ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।

এই জয়ের ফলে সিরিজ এখন ২-২ সমতায়। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

আরটিভি/এসকে