মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০২:৫৫ পিএম
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দেশ ছেড়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও লেগস্পিনার রিশাদ হোসেন।
এর আগে, সোমবার (২৩ মার্চ) আরও চার বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।
দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এই দুই ক্রিকেটার। রিশাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে তামিম লেখেন, এখন পিএসএলে অংশ নেওয়ার সময়। অন্যদিকে রিশাদ নিজের পোস্টে জানান, রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএল ২০২৬-এ ঝড় তুলতে প্রস্তুত তিনি।
আসন্ন আসরে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি-এর হয়ে। নিলাম থেকে এই লেগস্পিনারকে দলে নেয় দলটি।
অন্যদিকে তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমি-র হয়ে। যদিও তিনি নিলামে দল পাননি, পরে সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভেড়ানো হয়। পিএসএলে এটিই তার প্রথম অংশগ্রহণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোট ছয়জন ক্রিকেটার ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।
এবারের পিএসএলে সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন- মুস্তাফিজুর রহমান (লাহোর কালান্দার্স), পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম (পেশোয়ার জালমি), নাহিদ রানা (পেশোয়ার জালমি), তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।
আরটিভি/এসকে