images

খেলা / ক্রিকেট

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন বিসিবি পরিচালক আসিফ আকবরের

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৪:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেটের আইকন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ৩৯তম জন্মদিন লন্ডনে উদযাপন করেছেন। কেক কাটার মাধ্যমে জন্মদিনের এই উদযাপনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর, যিনি সরাসরি সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ সম্প্রতি এই কেক কাটা অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, আসিফ আকবর ও সাকিব আল হাসান একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। অনুষ্ঠানে আসিফ আকবর সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন।

সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। তবে সম্প্রতি সরকার পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালোভাবে আলোচিত হচ্ছে।

আসিফ আকবর এক সাক্ষাৎকারে বলেন, সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়গুলো রয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে এবং তারা এ নিয়ে কাজ করছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে তার আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবার জাতীয় দলে খেলতে দেখতে পাব।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। দেশের বাইরে থাকাকালীনও তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি চলছে, এবং তার নামে থাকা হত্যা মামলা প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে। ধারণা করা হচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।

আরও পড়ুন
sakib-al-hasan

আজ সাকিব আল হাসানের জন্মদিন 

অলরাউন্ডারের হিসেবে সাকিবের অবদান অসাধারণ। বাংলাদেশের হয়ে তিনি ৬৫টি টেস্টে ৪,৩৬৭ রান ও ২৩১ উইকেট অর্জন করেছেন। ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৭,০৮৬ রান ও ৩০১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ২,৫৫১ রান ও ১৪৯ উইকেট করেছেন।

আরটিভি/এসকে