images

খেলা / ফুটবল

বিশ্বকাপের টিকিটের চড়া দাম, ফিফার বিরুদ্ধে অভিযোগ

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০৮:২৫ এএম

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু টিকিটের চড়া দাম নিয়ে আয়োজক সংস্থা ফিফার ওপর চরম ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোপীয় ভোক্তা সংগঠন ‘ইউরোকনজিউমার্স’যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে ফিফার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, টিকিটের বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে ফিফা।

একজন দর্শক যদি প্রতিটি রাউন্ডের একটি করে মোট ৮টি ম্যাচ দেখতে চান, তবে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের জন্য তাকে গুনতে হবে প্রায় ৫,২২৫ পাউন্ড (প্রায় ৭.৫ লাখ টাকা)। অথচ ২০২২ ফিফা বিশ্বকাপে   ৭টি ম্যাচের জন্য এই খরচ ছিল মাত্র ১,৪৬৬ পাউন্ড। অর্থাৎ, মাত্র চার বছরে খরচ বেড়েছে প্রায় চারগুণ। সবচেয়ে দামি ক্যাটাগরিতে এই খরচ দাঁড়িয়েছে ১২,৩৫০ পাউন্ডে (প্রায় ১৭.৫ লাখ টাকা)।

সমর্থকদের অভিযোগ, ফিফা শুরুতে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে লোকদেখানো কিছু ‘সস্তা’ টিকিট (প্রায় ৬০ ডলার বা ৪,৩০০ টাকা) ছাড়ে। কিন্তু বাস্তবে এই সস্তা টিকিটের সংখ্যা এতটাই কম যে সাধারণ সমর্থকদের কাছে তা পৌঁছানো প্রায় অসম্ভব। সমর্থক গোষ্ঠী এটিকে ‘বেইট অ্যাডভার্টাইজিং’ বা প্রতারণামূলক বিজ্ঞাপন হিসেবে অভিহিত করেছে, যা ইউরোপীয় ভোক্তা আইনের পরিপন্থী।

এফএসএ দাবি করেছে, ফিফাকে অবিলম্বে ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো-বাড়ানো) পদ্ধতি বন্ধ করতে হবে। পাশাপাশি টিকিট বিক্রির অন্তত ৪৮ ঘণ্টা আগে আসন সংখ্যা ও ক্যাটাগরি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার দাবি জানানো হয়েছে।

এফএসএ পরিচালক রোনান ইভেন বলেন, ফিফা সমর্থকদের সামনে কেবল দুটি পথ খোলা রেখেছে হয় চড়া দাম দাও, নয়তো খেলা দেখা বাদ দাও।

আরও পড়ুন
NZ-VS-SA

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এই আসরে প্রায় ৭০ লক্ষ (৭ মিলিয়ন) টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে ফিফা। যদিও সংস্থাটি তাদের বিক্রয় পরিসংখ্যানকে অভাবনীয় সাফল্য হিসেবে তুলে ধরছে, সমর্থকদের মতে এটি সাধারণ ভক্তদের আবেগ ও আনুগত্যের সুযোগ নেওয়ারই নামান্তর।


আরটিভি/এসকে