images

খেলা

পদ্মায় বাসডুবির ঘটনায় সাকিব-তামিমদের শোক প্রকাশ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ০১:৫১ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার পাশাপাশি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সেই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, তামিম ইকবালসহ অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি— আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।

এদিকে সাকিব আল হাসান লিখেছেন, গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

আরও পড়ুন
ANCHELTTI-ND-NEYMAR

নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য

নুরুল হাসান সোহান লিখেছেন, ফেরিঘাটে আজকের মর্মান্তিক ঘটনাটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পথ দিয়েই আমিও চলাচল করি- আজ হয়তো আমিও সেখানে থাকতে পারতাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যারা স্বজন হারিয়েছেন, আল্লাহ তাদের শোক সহ্য করার শক্তি দিন। আমিন।  

শোকবার্তা জানিয়েছেন মুশফিকুর রহিমও। তার পাশাপাশি তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি লিখেছেন, বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুক ভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন- এটাই প্রার্থনা।

আরটিভি/এমএইচজে