images

খেলা / ফুটবল

সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০২:০০ পিএম

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানয় থেকে যাত্রা করে শুক্রবার(২৭ মার্চ) সকালে সিঙ্গাপুরে পৌঁছান জামাল ভূঁইয়াদের দল। 

এবারের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ ছিল সিঙ্গাপুরের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের এবারের বাছাই মিশন।

অন্যদিকে, সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়ান কাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার হলেও, বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব একেবারেই কম নয়। শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে ফিফা র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের।

সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করবে। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকং দুই দলেরই পয়েন্ট হবে সমান ৮।

শেষ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল গতকাল ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ফিফা র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে গতকাল রাতেই ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। এখন ম্যাচের আগে সিঙ্গাপুরে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন জামালরা।

আরও পড়ুন
nasim-sah

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে নাসিমের বিতর্কিত পোস্ট

বাংলাদেশের লক্ষ্য এখন শেষ ম্যাচে ইতিবাচক ফল এনে বাছাইপর্বের ইতি টানা।

আরটিভি/এসকে