শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৮:৫৯ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও পরখ করে দেখছেন নির্বাচকরা।
সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ফিজিও ও ট্রেইনিং স্টাফদের কড়া নজরে চলছে কন্ডিশনিং সেশন। প্রথম সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করার পর শুরু হবে ব্যাট-বলের মূল স্কিল ট্রেনিং।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে হলেও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই সফরের।
এবারের ক্যাম্পে বড় চমক স্পিন অলরাউন্ডার এসএম মেহেরব হোসেনের প্রথমবার ডাক পাওয়া। এনসিএলে উজ্জ্বল পারফরম্যান্স করা রুয়েল মিয়া এবং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকেও ডাকা হয়েছে। এছাড়া দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ফেরা তানজিম হাসান সাকিব এবং মাহমুদুল হাসান জয়। নির্বাচকরা চাইছেন ব্যাক-আপ ক্রিকেটারদের একটি শক্তিশালী গ্রুপ তৈরি করতে, যাতে বড় আসরের আগে দলের গভীরতা বাড়ে।
টানা ক্রিকেটের ধকল কাটিয়ে ফিটনেসে ফেরার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি জানান, টেস্টের খেলোয়াড়সহ তিন ফরম্যাটের খেলোয়াড়রাই এই ক্যাম্পের অংশ। বেশ কিছুদিন ধরে আমরা ফিটনেস নিয়ে কাজ করার মতো উপযুক্ত সময় পাইনি। টানা ক্রিকেটের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঠাসা সূচিতে বিপিএল ছিল, এরপর ইন্ডিপেন্ডেন্স কাপ, তারপর বিসিএল এবং পাকিস্তান সিরিজ। এখন আমরা অবশেষে কিছুটা সময় পেয়েছি। প্রথম সপ্তাহটি ফিটনেস এবং ফিল্ডিংয়ের জন্য রাখা হয়েছে, এরপর আমরা স্কিল ট্রেনিংয়ে যাব। সব ফরম্যাটের খেলোয়াড়রা এতে অংশ নেবে এবং পুরো কোচিং স্টাফ এই সেশনগুলো তদারকি করবে।
আরটিভি/এমএ