images

খেলা / ক্রিকেট

ধোনিকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০১:৪২ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এলেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে প্রতি আসরেই সেই আলোচনা থামিয়ে আবারও ব্যাট-প্যাড-গ্লাভস হাতে মাঠে নামেন ভারতের সাবেক এই অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু আইপিএলের নতুন মৌসুম শুরুর দিনই ধোনিকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই শিবির। 

শনিবার (২৮ মার্চ) শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। যদিও নিজেদের প্রথম ম্যাচ খেলতে চেন্নাই সুপার কিংস মাঠে নামবে সোমবার রাজস্থান রয়েলসের বিপক্ষে। তবে সেই ম্যাচসহ অন্তত প্রথম দুই সপ্তাহের জন্য দলের বাইরে থাকতে হচ্ছে এমএস ধোনিকে।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চেন্নাই জানিয়েছে, ধোনি বর্তমানে কাফ স্ট্রেইন ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তাই তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহে খেলতে পারবেন না।

পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, এমএস ধোনি বর্তমানে কাফ স্ট্রেইন ইনজুরির পুনর্বাসনের মধ্যে আছেন। ফলে তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতে যাচ্ছেন। দ্রুত সেরে উঠুন, থালা!

গত মৌসুমেও ধোনি চেন্নাইয়ের হয়ে ১৪ ম্যাচের সবকটিতে খেলেছিলেন। যদিও বেশিরভাগ সময় তাকে দেখা গেছে লোয়ার অর্ডারে, হাতে খুব কম বল থাকা অবস্থায় ব্যাট করতে নামতে। এরপরও ১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইকরেটে ১৯৬ রান করেছিলেন তিনি।

তবে গত আসরটি চেন্নাই সুপার কিংস জন্য ছিল হতাশাজনক। রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বে দলটি লিগ পর্বে মাত্র চারটি ম্যাচ জিতে প্লে-অফের আগেই ছিটকে পড়ে। এমনকি পয়েন্ট টেবিলের একেবারে তলানিতেই শেষ করতে হয় তাদের।

ধোনির চোটের ধাক্কার আগেই স্কোয়াডে আরেকটি বড় আঘাত পায় চেন্নাই। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসকে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক অজি পেসার স্পেন্সার জনসনকে।

যদিও পেস আক্রমণে আগে থেকেই চেন্নাইয়ের দলে রয়েছেন ম্যাট হেনরি ও জ্যাক ফকস, ইংল্যান্ডের জেমি ওভারটন এবং ভারতের খলিল আহমেদ, গুরজাপনিত সিং, অনশুল কম্বুজ, রামাকৃষ্ণ ঘোষ ও মুকেশ চৌধুরী। এ ছাড়া পেস অলরাউন্ডার হিসেবে আছেন শিভাম দুবেও।

এবারের আইপিএল নিলামের আগে চেন্নাই বড় চমক দেখিয়ে সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়েলস থেকে ট্রেড করে দলে ভেড়ায়। বিনিময়ে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে ছেড়ে দেয় তারা। 

আরও পড়ুন
TIGER-WOODS

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেপ্তার টাইগার উডস 

এ ছাড়া নিলাম থেকে উদীয়মান ক্রিকেটার কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলকেও দলে নিয়েছে চেন্নাই। উরভিল গত মৌসুমেও তাদের হয়ে খেলেছিলেন এবং তিন ম্যাচে ২১২.৫০ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন। অন্যদিকে নতুন সংযোজন কার্তিক ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্ম দেখিয়ে আগেই নজর কেড়েছিলেন।

এখন দেখার বিষয়, ধোনিকে ছাড়াই মৌসুমের শুরুতে কতটা সামলে উঠতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।


আরটিভি/এসকে