images

খেলা / ফুটবল

বিশ্বকাপের ভেন্যু উন্মুক্তির দিনেই প্রাণ গেল সমর্থকের

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ১০:২৮ এএম

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে সংস্কার শেষে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার দিনই এক ফুটবলসমর্থক প্রাণ হারিয়েছেন।

আগামী ১১ জুন ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে, যার আনুষ্ঠানিক নাম এস্তাদিও ব্যানর্তে। এই স্টেডিয়ামই হতে যাচ্ছে বিশ্বের প্রথম ভেন্যু, যেখানে তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরের ম্যাচ আয়োজন করা হবে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামটি পুনরায় উন্মুক্ত করার পর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুর্ঘটনাটি ঘটে। আজ (রোববার) রাতে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকো ও পর্তুগালের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচের আগেই প্রাণ হারান ওই সমর্থক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রীতি ম্যাচটির মাধ্যমে বিশ্বকাপের জন্য আজতেকা স্টেডিয়ামের প্রস্তুতি পর্যবেক্ষণ করা হবে। এই ভেন্যুতেই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি স্টেডিয়ামের ওপরের অংশ থেকে নিচের তলার একটি বক্স সিটে লাফিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচতলায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এর মধ্যেই মেক্সিকোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনীর অভিযানে একটি কুখ্যাত মাদকচক্রের প্রধান নিহত হওয়ার পর কয়েকটি এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারা সংলগ্ন অঞ্চলে উত্তেজনা তৈরি হয়েছিল। এর জেরে দেশটির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতার কিছু ম্যাচও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

এমন প্রেক্ষাপটে বিশ্বকাপের আগে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও আয়োজকরা আশ্বস্ত করছেন, আন্তর্জাতিক এই মেগা আসর নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এর আগে অনুষ্ঠিত হয়েছে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ। ১৯৭০ সালে এই মাঠে শিরোপা জিতেছিল ব্রাজিল, আর ১৯৮৬ সালে ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। এই মাঠেই খেলেছিলেন ফুটবল কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনা।

আরও পড়ুন
RTV_SPORTS

পিএসএল-আইপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আসন্ন ২০২৬ বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে গ্রুপপর্বের তিনটি ম্যাচ, রাউন্ড অব ৩২-এর একটি ম্যাচ এবং শেষ ষোলোর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে