মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৮:৫২ পিএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। নিরাপত্তা প্রোটোকল অমান্য করায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩,৫০০ মার্কিন ডলার) জরিমানা করেছে। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স এই শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করেছে।
গত শনিবার রাতে লাহোর কালান্দার্সের দলীয় হোটেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। পাঞ্জাব পুলিশের অভিযোগ অনুযায়ী, শাহীন আফ্রিদি ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে চারজন অতিথিকে জোরপূর্বক রাজার কক্ষে নিয়ে যান। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা তা মানেননি। এই ঘটনার পর পাঞ্জাব পুলিশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
লাহোর কালান্দার্স বিষয়টিকে ‘শৃঙ্খলার উদাহরণ’ হিসেবে দেখলেও একে একটি ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছে। তাদের মতে, ঘটনাটি অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হয়েছে, যা পিএসএলের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, সিকান্দার রাজা নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, আগের আসরগুলোতে তিনি হোটেলেই পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতেন। নতুন মৌসুমের কড়া নিরাপত্তা নীতি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। রাজা আরও জানান, মূলত ক্রিকেট ব্যাট বাছাই করার জন্যই বন্ধুদের তিনি কক্ষে নিয়ে গিয়েছিলেন।
অধিনায়ক শাহীন আফ্রিদির ওপর জরিমানার খড়্গ নামলেও সিকান্দার রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট করেনি লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। তবে লিগের মাঝপথে দলের প্রধান দুই তারকার এমন শৃঙ্খলাভঙ্গ ফ্র্যাঞ্চাইজিটির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এমএইচজে