images

খেলা

পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবলের মহাসচিব

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৮:৫৮ পিএম

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে নজিরবিহীন বিতর্কের মাঝেই পদত্যাগ করলেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওম্বা। সোমবার (৩০ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি নিজের সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন। যদিও পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘ব্যক্তিগত বিষয়’ সামনে এনেছেন, তবে মহাদেশীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে একে ‘চাপের মুখে পদত্যাগ’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

আফকনের সর্বশেষ আসরের ফাইনালে স্বাগতিক মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে দেওয়া একটি বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গিয়েছিল সেনেগাল দল। যদিও সাদিও মানের হস্তক্ষেপে তারা পুনরায় মাঠে ফেরে, কিন্তু এই সাময়িক ‘ওয়াক-অফ’ বা মাঠ ত্যাগের দায়ে সম্প্রতি সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ। এই সিদ্ধান্ত ঘিরেই উত্তাল হয়ে ওঠে আফ্রিকান ফুটবল।

আরও পড়ুন
Web-Image---Copy

যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে বিশ্বকাপের দোরগোড়ায়: কসোভোর স্বপ্ন কি সত্যি হবে আজ

শিরোপা কেলেঙ্কারি ছাড়াও ওম্বার বিরুদ্ধে ছিল প্রশাসনিক অসন্তোষ। বাধ্যতামূলক অবসরের বয়স (৬৩ বছর) পার হওয়ার পরও স্বপদে বহাল থাকায় সিএএফের নির্বাহী কমিটির ভেতরেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। পদত্যাগপত্রে ওম্বা সেই ইঙ্গিত দিয়ে বলেন, কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তবে আমি সব বাধা কাটিয়ে এবং একটি সমৃদ্ধ সিএএফ রেখে শান্ত মনে বিদায় নিচ্ছি।

কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেতে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল। এ প্রসঙ্গে সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন, ক্রীড়া সালিশি আদালত যে রায় দেবে, সংস্থা হিসেবে আমরা সেটিই মেনে নেব।

মহাসচিবের এই আকস্মিক পদত্যাগ এবং শিরোপা নিয়ে আইনি লড়াই— সব মিলিয়ে আফ্রিকান ফুটবল এখন ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে।

আরটিভি/এমএইচজে