মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৯:০৭ পিএম
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) নিজের অভিষেক আসরেই বাজিমাত করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিংয়ে হোবার্ট হ্যারিকেন্সকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রাখায় এবার দলটির ‘মৌসুম সেরা’ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ২৩ বছর বয়সী এই টাইগার তারকা।
ক্রিকেট তাসমানিয়া ঘোষিত চারজনের সংক্ষিপ্ত তালিকায় রিশাদের পাশাপাশি জায়গা পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। তবে পুরো আসরে রিশাদের ধারাবাহিকতা তাকে বাকিদের তুলনায় পুরস্কার জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৫-২৬ মৌসুমে হ্যারিকেন্সের বেগুনি জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন রিশাদ। ওভারপ্রতি ৮ রানেরও কম খরচ করে ঝুলিতে পুরেছেন ১৫টি উইকেট, যা দলের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। আসরে তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। মূলত তার কার্যকরী লেগ স্পিনই মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষকে চাপে রাখতে হ্যারিকেন্সকে সাহায্য করেছে।
মৌসুমের সেরা পারফর্মারদের স্বীকৃতি দিতে আগামীকাল (১ এপ্রিল) এক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট তাসমানিয়া। অনুষ্ঠান চলাকালীন সময়েই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পরদিন সংস্থাটির ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে বিস্তারিত ফলাফল জানানো হবে।
বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন মুখিয়ে আছেন রিশাদের এই ব্যক্তিগত অর্জনের দিকে, যা বিদেশের মাটিতে বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য এক নতুন মাইলফলক হতে পারে।
আরটিভি/এমএইচজে