মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১১:২২ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫ বছর পূর্ণ করার কয়েক দিন পরেই রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী দেখালেন এক অতিমানবীয় ব্যাটিং তাণ্ডব। সোমবার (৩০ মার্চ) চেন্নাই সুপার কিংসের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন এই কিশোর। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে চেন্নাইকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজস্থান।
গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব। এবার মাত্র ১৫ বলে নিজের মৌসুমের প্রথম ফিফটি তুলে নিলেন তিনি। তার ১৭ বলের ৫২ রানের ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা ও ৪টি চার। সহ-ওপেনার যশস্বী জয়সওয়ালের সাথে মিলে পাওয়ারপ্লে-তেই তারা তুলেন বিনা উইকেটে ৭৪ রান।
চেন্নাইয়ের দেওয়া ১২৮ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নেমে রাজস্থান জয় নিশ্চিত করে মাত্র ১২.১ ওভারে। ম্যাচ শেষে বৈভব বলেন, "আমাদের লক্ষ্য ছিল পাওয়ারপ্লে-তেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া। বোলাররা শুরুতেই তাদের অল্প রানে আটকে রাখায় আমাদের কাজ সহজ হয়ে গিয়েছিল।" অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই প্রতিভা নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন রাজস্থান কোচ কুমার সাঙ্গাকারাকে।
ব্যাটারদের দাপটের আগে রাজস্থানের বোলাররা শুরুতেই কোমর ভেঙে দিয়েছিল চেন্নাইয়ের। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ধোনির দল। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১২৭ রানেই অলআউট হয় তারা। দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ২৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। এছাড়া জফরা আর্চার ও রবীন্দ্র জাদেজাও শিকার করেন দুটি করে উইকেট।
আগামী শনিবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। অন্যদিকে শুক্রবার নিজেদের মাঠে পাঞ্জাব কিংসকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস।
আরটিভি/এমএইচজে