বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৬:০৪ পিএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে অপরাজিত থাকা বাংলাদেশ সেমিফাইনালেও শুরু করেছে দাপটের সঙ্গে। শুরু থেকেই নেপালকে চাপে রেখে খেলেছে লাল-সবুজের তরুণরা। এরই ধারাবাহিকতায় মানিকের একমাত্র গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধারাবাহিক আক্রমণ চালান ফয়সাল, মোর্শেদরা। এর ফল আসে ম্যাচের ১১তম মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে মোর্শেদের চিপ পাস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মানিক, এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের এক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি পৌঁছে যান ইউসুফ আলি। তার পাস থেকে বক্সের ভেতরে বল পান রোনান। গোলকিপারকে ফাঁকি দিয়ে তিনি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এরপরও একাধিক আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। তবে আর গোলের দেখা মেলেনি। অন্যদিকে নেপালও সমতায় ফিরতে পারেনি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
আরটিভি/এমএইচজে