images

খেলা

এবারও বিশ্বকাপে জায়গা হলো না ইতালির, ক্ষমা চাইলেন কোচ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৬:৩০ পিএম

টাইব্রেকারের নিষ্ঠুর পরিণতিতে আবারও থেমে গেল ইতালির বিশ্বকাপযাত্রা। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বেই বিদায় নেওয়ার যন্ত্রণা যেন ছাপ ফেলল কোচ জেন্নারো গাত্তুসোর চোখে-মুখে। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে তিনি স্বীকার করলেন ব্যর্থতা, জানালেন দুঃখ আর ক্ষমাপ্রার্থনা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শুরুটা আশাব্যঞ্জকই ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমে এগিয়েও যায় ইতালি। কিন্তু বিরতির আগেই লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচের গতিপথ বদলে যায়। সুযোগ বুঝে চাপ বাড়ায় বসনিয়া, ফিরিয়ে আনে সমতা- ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর টিকতে পারেনি গাত্তুসোর দল। ৪-১ ব্যবধানে হার মেনে নিতে হয় ইতালিকে।

গত দুই বিশ্বকাপ বাছাইয়েও একইভাবে প্লে-অফে হেরে বিদায় নিতে হয়েছিল আজ্জুরিদের। ফলে এই হারের ধাক্কা আরও গভীর। ম্যাচ শেষে ইতালিয়ান সম্প্রচারমাধ্যম আরএআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে গাত্তুসো দাঁড়ালেন তার খেলোয়াড়দের পাশে। তিনি বলেন, এই হারটা আজ ছেলেদের প্রাপ্য ছিল না। আমরা ১০ জনে নেমে গিয়েছিলাম, তবুও তিনটি ভালো সুযোগ তৈরি করেছিলাম। প্রতিপক্ষ আমাদের খুব বেশি চাপে ফেলতে পারেনি। আমি দুঃখিত, এটাই ফুটবল। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত।

তিনি আরও বলেন, এই ব্যর্থতা কষ্টদায়ক। ইতালির জন্য, আমাদের এগিয়ে যাওয়ার জন্য বিশ্বকাপে ওঠাটা খুব দরকার ছিল। এই আঘাত মেনে নেওয়া কঠিন।

আরও পড়ুন
Web-Image---Copy

এবার ব্যক্তিগত সংগ্রামের গল্প শোনালেন নেইমার

ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচের একটি কঠোর ফাউল নিয়েও ছিল বিতর্ক, যেখানে তিনি শুধু হলুদ কার্ড দেখেন। তবে রেফারিং নিয়ে মুখ খুলতে চাননি গাত্তুসো।

তিনি বলেন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আজকের ফলটা অন্যায্য মনে হচ্ছে। অনেক বছর ধরে ফুটবলে আছি; কখনও জিতেছি, কখনও হেরেছি। কিন্তু আজকের হারটা হজম করা কঠিন। ছেলেরা যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে।

শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, বিশ্বকাপে উঠতে না পারায় আমি দুঃখিত। তবে আজ আমার দল আমাকে গর্বিত করেছে।

আরটিভি/এমএইচজে