images

খেলা / ক্রিকেট

শাস্তি পেলেন অভিষেক শর্মা

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১১:০৭ পিএম

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন অভিষেক শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে এক ঘটনার জেরে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আইপিএলের বিবৃতিতে বলা হয়, সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার আচরণবিধির ২.৩ ধারার আওতায় লেভেল-১ অপরাধ করেছেন। এর ফলে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, আগামী ৩৬ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে একজন ক্রিকেটারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অভিষেক আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন।

তবে আইপিএল কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে কোন ঘটনায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, তা উল্লেখ করেনি। ধারণা করা হচ্ছে, ৪৮ রান করে আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় তার মুখে উচ্চারিত কিছু কথার কারণেই এই শাস্তি এসেছে।

ম্যাচে অভিষেক শর্মা বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দেন ব্লেসিং মুজারাবানির বলে। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় তার চোখেমুখে হতাশা স্পষ্ট ছিল। সেই মুহূর্তে বলা কোনো আপত্তিকর বা অশালীন শব্দই শাস্তির কারণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, এমন ভাষা বা শব্দচয়ন শাস্তিযোগ্য যা ‘ব্যাপকভাবে আপত্তিকর, অশ্লীল বা অশালীন’ হিসেবে বিবেচিত হয় এবং যা দর্শক, টিভি সম্প্রচার কিংবা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়তে পারে। এমনকি নিজের পারফরম্যান্স বা ম্যাচ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশের সময় ব্যবহৃত ভাষাও এই ধারার আওতায় পড়ে।

এদিকে, ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন অভিষেক শর্মা। ফলে বিষয়টি নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরটিভি/এসকে