images

খেলা / ফুটবল

টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১১:১৬ পিএম

দুর্দান্ত লড়াই শেষে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার(৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয় টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের সফল কিকে।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ তুলনামূলক বেশি প্রাধান্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণের দিক থেকে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ কিংবা গোলরক্ষক মাহিনকে খুব বেশি চাপে ফেলতে পারেনি ভারত। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর মাঠে নামানো হয় রোনান সুলিভানের ভাই ডেকলানকে। নিজের প্রান্ত ধরে কয়েকটি কার্যকর আক্রমণ গড়ে তোলেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দূর থেকে ভাই রোনানের উদ্দেশে দারুণ একটি পাসও বাড়ান ডেকলান। ভারতের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল পেয়ে শট নেন রোনান, তবে ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে তা প্রতিহত করেন।

মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী সমর্থক। শুক্রবার ছুটির দিন হওয়ায় তারা মাঠে এসে বাংলাদেশ দলকে প্রাণভরে সমর্থন জানান।

বাংলাদেশ ও ভারত দুই দলই টুর্নামেন্টে একই গ্রুপে ছিল। ফলে একে অপরের খেলার ধরন সম্পর্কে ছিল ভালো ধারণা। এ কারণে বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা রোনান সুলিভানকে শুরু থেকেই কড়া নজরদারিতে রাখে ভারত। তারপরও নিজের দক্ষতায় একাধিক শট নিয়ে ভারতীয় রক্ষণভাগকে ব্যস্ত রাখেন তিনি।

ম্যাচজুড়ে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় এবং একাধিক সুযোগও তৈরি করে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। যদিও দুইবার বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি, তবু বড় কোনো বিপদ ঘটেনি। অপরদিকে বাংলাদেশও প্রতিপক্ষের বক্সের আশপাশে বেশ কয়েকবার আক্রমণ গড়ে তুললেও নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

আরও পড়ুন
abishek-sarma

শাস্তি পেলেন অভিষেক শর্মা

শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর সেখানেই স্নায়ুচাপের পরীক্ষায় জয়ী হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশ।

আরটিভি/এসকে