শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১০:৪০ এএম
হ্যামস্ট্রিং চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আল নাজমার বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। আর মাঠে ফিরেই জোড়া গোল করে আল নাসরকে জয় উপহার দিয়েছেন এই পর্তুগিজ পোস্টারবয়।
শুক্রবার (৩ এপ্রিল) আল নাজমাকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর। এদিন ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এটি তার ক্যারিয়ারের ৯৬৭তম গোল।
দ্রুতই এগিয়ে যাচ্ছেন ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোল করার পথে। অন্যদিকে জোড়া গোল সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেও। প্রথম ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি হতে পারে রোনালদোর প্রথম বড় শিরোপা জয়ের সুযোগ।
যদিও আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে এবং শনিবার আল তাওউনের বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে আনতে পারবে।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। তখন কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, চোটটি প্রত্যাশার চেয়েও গুরুতর।
এই চোটের কারণে ক্লাবের হয়ে তিনটি লিগ ম্যাচ মিস করার পাশাপাশি স্পেনে চিকিৎসা নিতে যাওয়ায় বিশ্বকাপের আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোনালদো, যেখানে শীর্ষে থাকা আইভান টোনির চেয়ে তিনি দুই গোল পিছিয়ে আছেন।
আরটিভি/এসআর