শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৫:৩৮ পিএম
নেইমারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নারী রেফারিকে নিয়ে তার করা এক মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্ক দেখা দিয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জাতীয় ফুটবল দলে তার জায়গা পাওয়া যখন অনিশ্চয়তায়, ঠিক তখনই এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, সান্তোসের হয়ে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার।
সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ম্যাচ পরিচালনার বদলে রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও নিজেই ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চেয়েছেন এবং খেলোয়াড়দের সঙ্গে যথাযথ যোগাযোগ রাখেননি।
নেইমার বলেন, তিনি নিজেই ম্যাচের তারকা হতে চান... খেলোয়াড়দের প্রতি কোনো সম্মান দেখান না, কথা বলতেও চান না।
তবে বিতর্কের মূল সূত্রপাত হয় এর পরের একটি মন্তব্যকে ঘিরে। সাক্ষাৎকারে নেইমার এমন একটি বাক্য ব্যবহার করেন, যা সাধারণভাবে ‘খারাপ মেজাজে দিন শুরু করা’ বোঝাতে ব্যবহৃত হলেও, ব্রাজিলিয়ান সংস্কৃতিতে এর একটি ভিন্ন ও সংবেদনশীল অর্থও রয়েছে।
অনেকের মতে, ওই মন্তব্যটি নারীদের মাসিক বা পিরিয়ডকে ইঙ্গিত করে অবমাননাকরভাবে বলা হয়েছে। এমনকি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, তিনি পরোক্ষভাবে রেফারির ‘পিরিয়ড’ চলার ইঙ্গিত দিয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের ভাষ্য, নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় একটি বিষয়কে অপমানসূচকভাবে উপস্থাপন করা শুধু অনভিপ্রেতই নয়, বরং এটি লিঙ্গবৈষম্যমূলক মনোভাবেরও বহিঃপ্রকাশ।
বিশেষ করে এমন সময়ে এই মন্তব্য এসেছে, যখন ফুটবল বিশ্বে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ, সম্মান ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নেইমার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরটিভি/এসকে