রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৯:২০ এএম
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিল আর্সেনাল। কিন্তু কিন্তু আন্তর্জাতিক বিরতির আগে-পরে দুটি হারে পথহারা মিকেল আর্তেতার শিষ্যরা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগ কাপের ফাইনালে হেরেছিল আর্সেনাল। এবার এফএ কাপের শেষ আটে দুর্বল সাউদাম্পটনের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে গানারদের।
শনিবার (৪ এপ্রিল) সেন্ট মেরিস স্টেডিয়ামে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। সাউদাম্পটনের পক্ষে রস স্টুয়ার্ট ও শেয়া চার্লস গোল করেন। আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।
এদিন ম্যাচের ৩৩ মিনিটে গোল করে গানারদের স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে নামেন ইয়োকেরেস। ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান এই সুইডিশ স্ট্রাইকার। কাই হাভার্টজের পাস থেকে গোল করেন তিনি।
কিন্তু সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান।
সাউদাম্পটনের আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্ট ভ্যালেকে।
আরটিভি/এসআর