images

খেলা / ক্রিকেট

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৩:১৪ পিএম

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

রোববার (৫ এপ্রিল) এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে গিয়ে আসিফ মাহমুদের সাড়া না দেওয়ার বিষয়টি জানান কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ মাহমুদ। আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো— 

আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি:

প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। 

আরও পড়ুন
LITopy

এবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। 

তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। 

চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।
যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। 

কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। 

আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।

এর আগে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেছেন, কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং উনার বক্তব্য শোনার জন্য এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।

আরটিভি/এসআর