সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৫৬ এএম
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (৫ এপ্রিল) সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রথমবারের মতো বিকেএসপি সফরে এলে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং ২১টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।
প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকেএসপিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। বিকেএসপির দীর্ঘদিনের পরিচিত মুখ সুফিয়াকে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে, ছোটবেলায় যখন তিনি এখানে প্রশিক্ষণ নিতেন, তখন থেকেই তিনি এই মহীয়সী নারীকে সকল খেলার সাথে আন্তরিকভাবে যুক্ত থাকতে দেখেছেন।
তিনি বলেন, বিকেএসপির লক্ষ্য পূরণে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরটিভি/এসআর