সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৯:১৪ এএম
‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়।
র্যালিতে প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র্যালিটিকে এক মিলনমেলায় পরিণত করে।
র্যালি শেষে ক্রীড়ামন্ত্রী বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের উদাত্ত আহ্বান জানান। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভার অন্বেষণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা।
পরিশেষে, ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও সংশ্লিষ্ট সকলকে সক্রিয় থাকার অনুরোধ জানান তিনি।
আরটিভি/এসআর