মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০১:৫৫ পিএম
২০২৫-২৬ মৌসুমের এফএ কাপের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ড্র-এ শেষ চারে ওঠা দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। ড্র অনুযায়ী, ম্যানচেস্টার সিটি ও চেলসি পড়েছে ভিন্ন ভিন্ন ব্র্যাকেটে, ফলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
সেমিফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। এই ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয়েছে সাউদাম্পটন। ১৯৭৬ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর দীর্ঘ সময় পরে আবারও এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সাউদাম্পটন। এবারের আসরে তারা চমক দেখিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে হারিয়ে শেষ চারে উঠেছে।
অন্য সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে পরদিন ২৬ এপ্রিল। সেখানে লিডস ইউনাইটেড মুখোমুখি হবে চেলসির। ১৯৮৭ সালের পর এই প্রথম এফএ কাপের সেমিফাইনালে খেলবে লিডস। অন্যদিকে, আটবারের চ্যাম্পিয়ন চেলসি সর্বশেষ ২০১৮ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল।
ড্র অনুষ্ঠিত হওয়ার পর ইংলিশ গণমাধ্যমে কিছু বিতর্কও দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, ড্র এমনভাবে হয়েছে যাতে চেলসি ও ম্যানচেস্টার সিটি ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। যদিও এসব আলোচনা মাঠের লড়াইকে ছাপিয়ে যেতে পারেনি। এখন সবার নজর দুই সেমিফাইনালের ফলাফলের দিকে।
সেমিফাইনাল সূচি: ম্যানচেস্টার সিটি বনাম সাউদাম্পটন ২৫ এপ্রিল, চেলসি বনাম লিডস ইউনাইটেড ২৬ এপ্রিল।
উল্লেখ্য, এফএ কাপ ২০২৫-২৬ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, ওয়েম্বলি স্টেডিয়ামে।
আরটিভি/এসকে