images

খেলা / ফুটবল

৩০ হাজার ফুট উচ্চতায় সরাসরি বিশ্বকাপের খেলা দেখাবে সিঙ্গাপুর এয়ারলাইনস

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৩:২১ পিএম

আকাশপথে ভ্রমণের মধ্যেও এবার বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উপভোগ করতে পারবেন যাত্রীরা। নির্বাচিত ফ্লাইটে সরাসরি বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তাদের নির্দিষ্ট কিছু ফ্লাইটে যাত্রীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। এ সুবিধা দেওয়া হবে এয়ারলাইনটির ইন-ফ্লাইট বিনোদন প্ল্যাটফর্ম ‘ক্রিসওয়ার্ল্ড লাইভ টিভি’র মাধ্যমে।

বিবৃতিতে বলা হয়, প্ল্যাটফর্মটিতে থাকা ‘স্পোর্ট ২৪’ চ্যানেলে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। পাশাপাশি ‘বিবিসি নিউজ’র মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ ও ব্যবসায়িক আপডেটও উপভোগ করতে পারবেন যাত্রীরা।

সিঙ্গাপুর এয়ারলাইনস জানায়, তাদের সব বোয়িং ৭৮৭-১০ ও বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজে এ সুবিধা থাকবে। এছাড়া ৪১টি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ৮টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজেও লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে সংস্থাটি জানিয়েছে, সরাসরি সম্প্রচার সুবিধা স্যাটেলাইট কাভারেজ, সম্প্রচার চুক্তি এবং নির্দিষ্ট রুটে নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইও পি তেইক বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে নতুন নতুন সেবা যুক্ত করছি। এই উদ্যোগও তারই অংশ।

আরও পড়ুন
BD

বিশ্বকাপের আগে প্রথমবার ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে আকাশযাত্রার সঙ্গে যুক্ত করার এ উদ্যোগ যাত্রীদের জন্য নতুন এক বিনোদন অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।


আরটিভি/এসকে