মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৩৪ পিএম
প্রায় ২ দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সম্প্রতি তাকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। কিন্তু এর মাঝেই নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির এই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি।
সেই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যে আহ্বায়ক কমিটি গঠন করেছে এনএসসি। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দেশে ফেরা ও জাতীয় দলের হয়ে খেলার জন্য বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। তাই প্রশ্ন উঠছে জাতীয় দলের ফেরার জন্য এবার নতুন বিসিবি সভাপতির সঙ্গে কি যোগাযোগ করবেন সাকিব।
এদিকে দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনায় সাকিব-তামিমের সম্পর্কের টানাপোড়ন। যদিও গত বছর তামিম অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন তার খোঁজ নিয়েছিলেন সাকিব।এখন দায়িত্ব পেয়ে সাকিবের বিষয়ে কি সিদ্ধান্ত নেই সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
উল্লেখ্য, বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলার আসামী হওয়ায় আইনি জটিলতায় আটকে আছেন তিনি।
আরটিভি/এসআর