বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ এএম
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে লিভারপুলকে আতিথিয়েতা জানিয়েছিল পিএসজি। আর নিজেদের ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার (৮ এপ্রিল) রাতে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে প্যারিসের দলটি। দিজিরে দুয়ে শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান খাভিচা কাভারাৎসখেলিয়া।
এদিন ম্যাচের শুরু থেকে পজেশন রাখায় একচেটিয়া চাপ ধরে রেখে একাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মধ্য দিয়ে এগোতে গিয়ে বল হারিয়ে ফেলেন দেম্বেলে, তবে পজেশন হারায়নি তারা। বল ধরে দারুণ উঁচু শটে ঠিকানা খুঁজে নেন দুয়ে।
লিভারপুলের রক্ষণে ৩২তম মিনিটে আবার ভীতি ছড়ায় পিএসজি। এবার খাভিচা কাভারাৎসখেলিয়ার শট ঝাঁপিয়ে আটকান মামারদাশভিলি। পাঁচ মিনিট পর তিনি সময়মতো এগিয়ে রুখে দেন দুয়ের প্রচেষ্টা।
৪২তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সুবর্ণ সুযোগ পান দেম্বেলে। কিন্তু, স্বদেশি উইঙ্গার দুয়ের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে লিভারপুল, যদিও উগো একিটিকের সেই প্রচেষ্টা লক্ষ্যে ছিল না। একটু পর আরেকবার পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে হতাশ করেন দেম্বেলে, জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
অসাধারণ নৈপুণ্যে ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভারাৎসখেলিয়া। বাঁ পাশের সাইডলাইন থেকে দারুণ রক্ষণচেরা পাস বাড়ান জোয়াও নেভেস। বল নিয়ন্ত্রণে নিয়ে, পেছন থেকে একজনের দেওয়া বাধা সামলে, গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন জর্জিয়ান উইঙ্গার।
একটু পর আবার বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। ছয় গজ বক্সের বাইরে গোলরক্ষককে একা পেয়ে যান ওয়ারেন জাইরে-এমেরি; তবে দুর্দান্ত এক ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন ইব্রাহিমা কোনাতে। প্রথমে অবশ্য পেনাল্টির বাঁশি বাজে; তবে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
নির্ধারিত সময়ের শেষ তিন মিনিটেও দারুণ দুটি সুযোগ তৈরি করে পিএসজি। দেম্বেলের জোরাল শট পোস্টে বাধা পাওয়ার পর, জাইরে-এমেরির প্রচেষ্টা প্রতিহত হয়। আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।
আরটিভি/এসআর