বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১০:৪৪ এএম
তৃণমূল পর্যায়ে টেবিল টেনিসকে জনপ্রিয় করা এবং উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করার লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৬ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে দেশব্যাপী একটি উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
মূলত, বিশ্ব টেবিল টেনিস দিবস এবং একই সাথে বিশ্ব টেবিল টেনিসের শতবর্ষ উদযাপনকে বর্ণাঢ্য করতে এই উদ্যোগ ফেডারেশনের।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় অনুসন্ধান করা।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৩ (২০১৩ সালের পরে জন্মগ্রহণকারী) এবং অনূর্ধ্ব-১৬ (২০১০ সালের পরে জন্মগ্রহণকারী) বালক ও বালিকা দুটি বিভাগে একক এবং দলগত ইভেন্টে খেলা হবে। দেশের সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল ২০২৬ এর মধ্যে শিক্ষার্থীদের ফটো আইডি এবং জন্ম সনদের কপিসহ রেজিস্ট্রেশন করতে পারবে।
একক খেলার জন্য শিক্ষার্থীদের ২০০ টাকা (প্রতি খেলোয়াড়) এবং দলগত ইভেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকা (প্রতি দল) ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নাম্বারে ০১৯১৯০১২৮৮৩ পেমেন্ট অপশনের মাধ্যমে প্রদান করা যাবে। রেফারেন্সে সংক্ষেপে স্কুলের নাম লিখতে হবে।
বিকাশের পর রেজিস্ট্রেশনের তথ্য গুগলফর্মে https://bttf.org.bd/schooltt পূরণ করে officials.bttf@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।
স্কুল টুর্ণামেন্ট সম্পর্কে যেকোন তথ্য জানার জন্য ফেডারেশনের প্রমোশন এবং ডেভলপমেন্ট কমিটির সেক্রেটারি সৈয়দ বখতিয়ার মাহমুদ সোহেল ০১৮৪১৫৩৩৫৮৭ এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসআর