images

খেলা / ক্রিকেট

স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচনে স্মৃতিচারণ করলেন শান্ত

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৪:২১ পিএম

আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করার অন্যতম এই টুর্নামেন্টে এবার ৬৪ জেলা থেকে ৩৫০টি স্কুলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এতে খেলবে সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৫১টি। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ আসরের জার্সি উন্মোচন করা হয়। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি স্কুল ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে বলেন, এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে দেখা উচিত।

শান্ত বলেন, আমি মনে করি, স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত। যারা দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাংককে ধন্যবাদ, তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটি স্কুলকে সাহায্য করছে।

নিজের ক্রিকেট জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে শান্ত জানান, স্কুল ক্রিকেট তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 

তিনি বলেন, অনূর্ধ্ব-১৭ বয়সে স্কুল ক্রিকেটের একটি টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল। বিসিবিকে ধন্যবাদ, ওই সময় আমাকে সেই সুযোগটা দিয়েছিল। কেরালায় হওয়া সেই টুর্নামেন্টটা আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ওই টুর্নামেন্টে আমি সেরা খেলোয়াড় হয়েছিলাম।

তিনি আরও বলেন, স্কুল ক্রিকেটকে যত বেশি সুন্দর ও বড় পরিসরে আয়োজন করা যাবে এবং খেলোয়াড়দের জন্য যত বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে, তত বেশি আগ্রহ নিয়ে তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবে।

শান্তের ভাষায়, এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে এবং যত সুন্দরভাবে আয়োজন করা যায়, আর খেলোয়াড়দের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় তারা আরও ভালোভাবে খেলতে আসবে এবং আগ্রহ নিয়ে অংশ নেবে।

অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে নিজের অতীতের স্মৃতিও ফিরে এসেছে বলে জানান জাতীয় দলের এই অধিনায়ক। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে উঠে আসবে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের তারকা ক্রিকেটাররা।

তিনি বলেন, অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বললাম, আমারও অতীতের কথা মনে পড়ে গেল। যারা এখন স্টুডেন্ট, তারা এখানে ভালো পারফর্ম করে ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলবে।

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন শান্ত। তিনি স্মরণ করেন, বয়সভিত্তিক ক্রিকেটে খেলতে গিয়ে তারা দেখেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের মতো বড় তারকাদের। তবে সেই ধারাবাহিকতায় এখন কিছুটা ঘাটতি থাকলেও সময়ের সঙ্গে তা পূরণ হবে বলেই বিশ্বাস তার।

শান্ত বলেন, আমরা যখন বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছি, তখন সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইদের দেখেছি। এখন যদি তুলনা করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করছি। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় এই ফাঁকা জায়গা পূরণ হবে।

আরও পড়ুন
LITy

স্কুল ক্রিকেট থেকেই আগামীর তারকা উঠে আসবে: হৃদয়

তরুণ ক্রিকেটারদের জন্য নতুন স্বপ্নের মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে এবারের প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মধ্য দিয়েই দেশের ক্রিকেটে উঠে আসবে আগামী দিনের নতুন মুখ।

আরটিভি/এসকে