বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:০৭ পিএম
বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে দিবারাত্রির ম্যাচ হিসেবে নির্ধারিত থাকলেও, এখন সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে সকাল ১১টা থেকে।
শুধু ওয়ানডে সিরিজই নয়, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে দিনের আলোতে। এই সিরিজের প্রতিটি ম্যাচ দুপুর ২টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বোর্ড।
এর আগে, বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হয় বিসিবির এডহক কমিটির সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে সিরিজের সময় পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ম্যাচ আয়োজনের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, ওয়ানডে ম্যাচ সকাল ১১টা অথবা সাড়ে ১১টা এবং টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টা অথবা আড়াইটায় শুরু হতে পারে।
অবশেষে সেই পরিকল্পনা অনুযায়ীই নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি চূড়ান্ত করল বিসিবি।
আরটিভি/এসকে