images

খেলা / ক্রিকেট

অনন্য মাইলফলকে ম্যাক্সওয়েল

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০২:৩৮ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে পাকিস্তান সুপার লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যাট হাতে এখনও বড় কোনো ইনিংস না খেললেও, এরই মধ্যে গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। পিএসএলের চলতি আসরে হায়দরাবাদ কিংসম্যানের জার্সিতে খেলছেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন এই অজি অলরাউন্ডার। সেই ইনিংসেই ছুঁয়ে ফেলেন ১১ হাজার রানের ক্লাব।

৫০৫ ম্যাচে ম্যাক্সওয়েলের মোট রান এখন ১১ হাজার ৯। এর মাধ্যমে তিনি তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এই কীর্তি গড়লেন। তার আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে ১৬তম স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। এই তালিকার শীর্ষে আছেন ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৩৬ গড়ে তিনি করেছেন প্রায় ১৪ হাজার রান, যার মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি অর্ধশতক।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কাইরন পোলার্ড, যিনি ৭৩৫ ম্যাচে করেছেন ১৪ হাজার ৪৮২ রান। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার ও জস বাটলার দুজনেরই রয়েছে ১৪ হাজারের বেশি রান।

আরও পড়ুন
KARAN-KESI

আম্পায়ারকে মারলে শাস্তি কী, প্রশ্ন করেই নিষিদ্ধ ক্রিকেটার

ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকলেও, ক্যারিয়ারের এই মাইলফলক ম্যাক্সওয়েলের জন্য নিঃসন্দেহে বড় অর্জন।

আরটিভি/এসকে