সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৩:০৭ পিএম
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সবকিছু যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ চোটের ধাক্কায় বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। অল্প সময়ের ব্যবধানে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে।
সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ডিফেন্স থেকে। ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। প্রতিপক্ষ গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কায় ডান হাঁটুতে আঘাত পান তিনি। শুরুতে খেলা চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন। লিগামেন্টে কোনো গুরুতর ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে মেডিক্যাল পরীক্ষা করা হবে। রিপোর্ট নেতিবাচক হলে বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
আর্জেন্টিনার আক্রমণভাগেও দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছে। লাউতারো মার্টিনেজের পুরোনো পেশির চোট আবারও ফিরে এসেছে। ইন্টার মিলানের এই স্ট্রাইকার সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছিলেন, কিন্তু পুনরায় চোট পাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গোলপোস্টেও অনিশ্চয়তা। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে তিনি মাঠে নামতে পারেননি। তার পরিবর্তে খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোট। মার্টিনেজের চোটের প্রকৃতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
বিশ্বকাপের আর বেশি দেরি নেই। এমন সময় দলের মূল তিন স্তম্ভ ডিফেন্স, আক্রমণ এবং গোলপোস্ট একসঙ্গে অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় আর্জেন্টিনার শিবিরে উদ্বেগ বাড়ছে। এখন সবার চোখ খেলোয়াড়দের মেডিক্যাল রিপোর্ট ও দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই।
আরটিভি/এসকে