images

খেলা / ফুটবল

৫-৮ সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টিনার রোমেরো, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:৩৫ এএম

আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে পড়েছেন এবং আগামী পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। এই সময়সীমা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইংলিশ ক্লাব টটেনহামের অধিনায়ক রোমেরো সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে গুরুতরভাবে চোট পান। প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি’র ধাক্কায় এবং এরপর গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে তিনি হাঁটুতে আঘাত পান। 

চোট পাওয়ার পর তাকে ব্যথায় কাতর অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়, যা দেখে তাৎক্ষণিকভাবেই গুরুতর ইনজুরির আশঙ্কা করা হয়। প্রাথমিক পরীক্ষায় তার হাঁটুর লিগামেন্টে সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সূত্র অনুযায়ী, এই ডিফেন্ডার অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এবং শিগগিরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে। এর ফলে টটেনহামের বাকি মৌসুমে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, আসন্ন বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকায় এই চোট আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দলটি আশাবাদী, টুর্নামেন্ট শুরুর আগেই পূর্ণ ফিট হয়ে ফিরতে পারবেন রোমেরো।

আরও পড়ুন
NZ

বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল

রোমেরোর এই ইনজুরি এখন আর্জেন্টিনা ও টটেনহাম দুই দলের জন্যই বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে