মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০১:১৮ পিএম
বাংলাদেশ ফুটবলের ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে প্রাথমিক সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুন থেকে দলবদল কার্যক্রম শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি।
আগে পাঁচটি প্রতিযোগিতা স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে মৌসুম সাজানোর পরিকল্পনা থাকলেও এখন সেই সূচিতে কাটছাঁট হয়েছে। এরই মধ্যে সুপার কাপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্বাধীনতা কাপ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সোমবার (১৩এপ্রিল) অনুষ্ঠিত বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় নতুন মৌসুমের খসড়া সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দলবদল শুরু হবে ১ জুন থেকে, যার মাধ্যমে ক্লাবগুলো তাদের নতুন মৌসুমের স্কোয়াড গঠনের কাজ শুরু করতে পারবে।
চলতি মৌসুমে স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফেডারেশন কাপের ফাইনাল ১৯ মে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে ২৩ মে এই ব্যস্ত সূচির মধ্যে জুনের আগে স্বাধীনতা কাপের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে। নির্বাচনজনিত বিলম্বকেও সূচি পিছিয়ে যাওয়ার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময় সুযোগ পেলে স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা করা হবে। তবে সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত এটি বাতিলও হতে পারে। এমন হলে ২০২৫–২৬ মৌসুম শেষ হবে মূলত তিনটি প্রতিযোগিতা চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ নিয়েই।
তবে আগামী মৌসুমে সব টুর্নামেন্ট ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছে বাফুফে। আগামী ১৯ এপ্রিল নির্বাহী কমিটির সভায় এই খসড়া উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে, যেখানে দলবদল থেকে শুরু করে সব প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি নির্ধারণ থাকবে।
এদিকে চলমান ফেডারেশন কাপের নকআউট পর্বের ম্যাচগুলোর সময় ও ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে। এলিমিনেশন ম্যাচ এবং কোয়ালিফায়ার্স টু ফাইনাল-১ ও ফাইনাল-২ যথাক্রমে ৫ ও ১২ মে অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
আরটিভি/এসকে