images

খেলা / ফুটবল

লিঙ্গবৈষম্যের শিকার ইতিহাসগড়া প্রথম নারী কোচ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৪:০০ পিএম

জার্মান ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছেন মারি লুইস ইটা।  রোববার (১২ এপ্রিল) ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের কোচ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। 

তবে এই ঐতিহাসিক সাফল্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র লিঙ্গবৈষম্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের মুখে পড়েছেন ৩৪ বছর বয়সী এই কোচ।

ক্লাবটির ডিরেক্টর অব ফুটবল হর্স্ট হেল্ট এ ঘটনাকে “লজ্জাজনক” ও “উন্মাদনা” বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে এমন নিম্নমানসিকতার প্রকাশ অত্যন্ত হতাশাজনক। তার মতে, মারি লুইস একজন দক্ষ, অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন কোচ, যার ওপর ক্লাবের পূর্ণ আস্থা রয়েছে।

মারি লুইস ইটা কেবল নারী হওয়ায় এই পদে আসেননি তার ক্যারিয়ারই তাকে এ জায়গায় পৌঁছে দিয়েছে। জার্মানির সাবেক এই ফুটবলার টারবাইন পটসডাম-এর হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

এর আগেও তিনি ইতিহাস গড়েছিলেন। ২০২৩ সালের নভেম্বরে বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিন খুব একটা ভালো অবস্থানে নেই। ১৮ দলের লিগে তারা ১১তম স্থানে রয়েছে এবং সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ মারি লুইসের নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর আশা করছে।

হর্স্ট হেল্টের বিশ্বাস, দলের ভেতরের পরিবেশ, খেলোয়াড়দের মানসিকতা এবং ক্লাব সংস্কৃতি সম্পর্কে মারি লুইসের গভীর ধারণা রয়েছে, যা দ্রুত পরিস্থিতি সামাল দিতে তাকে সহায়তা করবে।

আরটিভি/এসকে