বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:৩৮ পিএম
বাংলাদেশের সাবেক ওয়ানডে ক্রিকেটার মুশফিকুর রহিমকে আবারও ৫০ ওভারের দলে ফেরানোর গুঞ্জনের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। এরপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেট ও টেস্টে নিয়মিত খেলছেন। সম্প্রতি মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কারণে তাকে আবারও ওয়ানডে দলে ফেরানোর আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বুধবার (১৫ এপ্রিল) কোচ সিমন্স বলেন, মুশফিক নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি টেস্ট ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, মুশফিক সিদ্ধান্ত নিয়েছে যে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। সে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ অর্জন। ভবিষ্যতে কী হয় তা দেখা যাবে।
মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে কোচ আরও বলেন, ব্যাটিংসহ সব বিভাগেই উন্নতির সুযোগ রয়েছে। তার ভাষায়, টপ অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক জায়গা আছে। আমরা ধারাবাহিকভাবে উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করেছি, যেমন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ৮০ রান তুলেছিলাম।
দল থেকে বাইরে থাকা সৌম্য সরকার নিয়েও মন্তব্য করেন সিমন্স। তিনি বলেন, সৌম্য একজন ভালো খেলোয়াড় হলেও ইনজুরি ও ম্যাচ মিস করার কারণে অন্যরা সুযোগ কাজে লাগিয়েছে। তাই তাকে আবার দলে ফেরার জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মূল বিষয় হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের চেয়ে এখানে দ্রুত অভিযোজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরটিভি/এসকে