images

খেলা / ক্রিকেট

ডিপিএল শুরু করায় তামিমের প্রশংসায় পঞ্চমুখ মাহমুদউল্লাহ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০২:০৮ পিএম

নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। এই জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (১৮ এপ্রিল) দলবদল করতে এসে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।

গেল কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটিও তুলে ধরেন মাহমুদউল্লাহ। এ ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।

আরও পড়ুন
LIpy

চমক রেখে বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

এবারের আসরে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন রিয়াদ। তাই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে এই ডান হাতি ব্যাটার বলেন, প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। 

তিনি বলেন, আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়। ব্যক্তিগতভাবে আমি এই দল নিয়ে খুবই খুশি, যেভাবে দলটা তৈরি করা হয়েছে। 

নিজের দল নিয়ে তিনি আরও বলেন, আমি মনে করি এটা সম্পূর্ণ ঠিক আছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার-যদি আমি বলি টপ অর্ডারে আজিজুল হাকিম তামিম আছে, দিপু আছে; মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারী আছে এবং আরও ইয়াং প্লেয়াররা আছে। একই সাথে পেস বোলিং ডিপার্টমেন্ট ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। অলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব আছে, এনামুল আছে। সব মিলিয়ে অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে। 

আরটিভি/এসআর