রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৬:০৩ পিএম
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে টানা দুইবার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল সৌদি আরবের ক্লাব আল-আহলি। দুই দশকেরও বেশি সময় পর প্রথম ক্লাব হিসেবে এশিয়ান ফুটবলে শিরোপা ধরে রাখার বিরল কীর্তি গড়ল তারা।
শনিবার (২৫ এপ্রিল) জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের মাচিদা জেলভিয়াকে ১-০ গোলে হারিয়েছে আল-আহলি।
প্রায় ৫৯ হাজার দর্শকের সামনে ম্যাচের ৬৮ মিনিটে জাকারিয়া আল হাওসাওয়ি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় আল-আহলি। বিপত্তি আরও বাড়ে ম্যাচের ৯০ মিনিটে, যখন মোহাম্মদ ইউসুফ লাল কার্ড দেখলে ৯ জনে নেমে আসে সৌদি দলটি।
এরপরও নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯ জন নিয়ে যখন সবাই আল-আহলির রক্ষণাত্মক কৌশলের কথা ভাবছিল, ঠিক তখনই চমক দেখান বদলি খেলোয়াড় ফারাস আল-বারিকান।
ম্যাচের ৯৬তম মিনিটে তার করা দর্শনীয় গোলে লিড পায় আহলি। শেষ পর্যন্ত ৯ জন নিয়েই সেই লিড ধরে রেখে শিরোপা উৎসব মাতোয়ারা হয় সর্বোচ্চ চ্যাম্পিয়নের খেতাবধারী ক্লাবটি।
শিরোপা অক্ষুণ্ণ রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আল-আহলি কোচ। তিনি বলেন, এই শিরোপা ধরে রাখা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। জিততে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বিশেষ করে ৯ জন নিয়ে লড়াই করা ছিল অবিশ্বাস্য।"
আরটিভি/এসআর