সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১০:৫২ এএম
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের মাঝেই মাঠের বাইরে অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ওপেনার রাজস্থান ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে এক নারী ভক্তের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরের টিম হোটেলে প্রবেশের সময় আচমকা এক নারী ভক্ত তার হাত শক্ত করে ধরে ফেলেন। এতটাই জোরে হাতটি ধরা হয়েছিল যে, অভিষেক তাৎক্ষণিকভাবে নিজেকে ছাড়াতে পারেননি। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই নারীকে সরিয়ে দেন।
ঘটনার সময় ওই ভক্তকে উচ্ছ্বসিত দেখা গেলেও, অভিষেকের মুখে স্পষ্ট বিরক্তি ও অস্বস্তির ছাপ ছিল। এ ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত পরিসরে এমন অনধিকার প্রবেশ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
তবে মাঠের খেলায় এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। সাওয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। ২২৮ রানের বড় লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় তারা।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষেক। মাত্র ২৯ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ১৯৬.৫৫।
এই ইনিংসের মধ্য দিয়ে তিনি কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠেন। এখন পর্যন্ত ৮২ ম্যাচে ২,১৩৩ রান করেছেন অভিষেক, গড় ২৯.২১ এবং স্ট্রাইক রেট ১৬৯.২৮। তার ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি; সর্বোচ্চ ইনিংস ১৪১ রান।
অন্যদিকে, দলের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন ৭৬ ম্যাচে ২,১০১ রান করেছেন, গড় ৩৬.২২ এবং স্ট্রাইক রেট ১২৬। তার ঝুলিতে রয়েছে ১৮টি ফিফটি।
আরটিভি/এসকে