images

খেলা / ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে বল বয়ের সংস্কৃতি ফিরল ২১ বছর পর

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৩:২৫ পিএম

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ২১ বছর পর আবারও ফিরল বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে বল সংগ্রহ ও সরবরাহ করার ঐতিহ্য তবে এবার নতুন নামে। ‘বল বয়’ নয়, তাদের বলা হবে ‘ফিউচার স্টারস’।

বাউন্ডারির বাইরে অপেক্ষমাণ একদল কিশোর-কিশোরী ব্যাটারের চার-ছক্কায় বল তাদের কাছে এলে দ্রুত সেটি ফিরিয়ে দেওয়া ক্রিকেটের এই পরিচিত দৃশ্যটি একসময় বাংলাদেশেও নিয়মিত ছিল। কিন্তু ২০০৪-০৫ মৌসুমের পর তা হারিয়ে যায়। অবশেষে আবারও সেই দৃশ্য দেখা যাচ্ছে চট্টগ্রামে, বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে।

এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ‘ফিউচার স্টার’-এর ছবি শেয়ার করে জানান, ‘বল বয়’ শব্দটি তার কাছে খুব একটা পছন্দের ছিল না। তার ভাষায়, ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ‘ফিউচার স্টারস’।

ক্রিকেট ইতিহাসে অনেক বড় তারকার পথচলা শুরু হয়েছিল এই বল বয়ের ভূমিকায়। কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার এর অন্যতম উদাহরণ। বাংলাদেশের তামিম ইকবাল নিজেও একসময় বল বয় ছিলেন। এছাড়া মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ও পাকিস্তানের বাবর আজমও তাদের ক্যারিয়ারের শুরুতে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

তামিম আশা প্রকাশ করেছেন, এই ‘ফিউচার স্টারস’রা মাঠে থেকে প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে শিখে অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখবে।

image

চট্টগ্রামে চলমান সিরিজে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক দলের কিশোর-কিশোরিরাই এই দায়িত্ব পালন করছে। মাঠের একেবারে কাছ থেকে খেলা দেখার সুযোগ তাদের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ক্রিকেটে এই নতুন উদ্যোগ শুধু একটি পুরোনো সংস্কৃতির পুনরাগমন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

আরটিভি/এসকে