images

খেলা / ফুটবল

ব্রাজিলের দুই ফুটবলারের বিশ্বকাপ শেষ, শঙ্কায় আরও এক ফুটবলার

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৩:৩৮ পিএম

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদের মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরিতে দলটি চাপে রয়েছে।

ডিফেন্সের মূল ভরসা এদের মিলিতাও এবং আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস নিশ্চিতভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পাশাপাশি তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানকেও নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এস্তেভাও। ম্যাচ চলাকালীন চোট পেয়ে কান্নাজড়িত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাকে। চিকিৎসকদের মতে, তিনি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের বাকি অংশে আর মাঠে ফিরতে পারবেন না। তবে চেলসির অন্তর্বর্তী কোচ আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

গত বছর পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়া এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড চলতি মৌসুমে ইতোমধ্যে ৮টি গোল করেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ছয় ম্যাচে ৫ গোল করে তিনি কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছিলেন।

অন্যদিকে, রদ্রিগো গোয়েস ডান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছেন। মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টেও ক্ষতি হয়েছে। গত মার্চে ইনজুরির পর তিনি নিজেই একে জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেছিলেন। ফলে তিনি নিশ্চিতভাবেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন।

ডিফেন্ডার এদের মিলিতাওও বড় ধাক্কা দিয়েছেন ব্রাজিল শিবিরে। ক্লাব ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর তার অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পরও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া তার জন্য কঠিন হবে।

আরও পড়ুন
ball-boy

বাংলাদেশের ক্রিকেটে বল বয়ের সংস্কৃতি ফিরল ২১ বছর পর

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে হারিয়ে বিশ্বকাপের আগে বড় সংকটে পড়েছে ব্রাজিল দল। আগামী ১৪ জুন ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা।

আরটিভি/এসকে