images

খেলা / ফুটবল

যৌন নিপীড়ন অভিযোগে বিতর্ক, বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১০:০৮ এএম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের বিতর্কে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ম্যাচ অফিশিয়ালকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় একটি প্রতিযোগিতায় দায়িত্ব পালনের সময় যুক্তরাজ্যে অবস্থান করছিলেন ওই অফিশিয়াল। সেখানকার একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তাকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে। পরে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফিফা এক বিবৃতিতে জানায়, তারা অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই অফিশিয়ালকে ফিফার কোনো প্রতিযোগিতায় বিবেচনা করা হবে না বলেও জানানো হয়।

একই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, তাদের আয়োজিত ম্যাচগুলোতেও ওই রেফারিকে আর দায়িত্ব দেওয়া হবে না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ১০৪ ম্যাচের এই বিশ্বকাপের জন্য সম্প্রতি ফিফা ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের (ভিএআর) তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা থেকে একজনকে সরিয়ে দেওয়া হলো। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই অফিশিয়ালের নাম প্রকাশ করা হয়নি।


আরটিভি/এসকে