images

খেলা / ক্রিকেট

স্টেডিয়ামে দর্শকদের জন্য তামিমের নতুন উদ্যোগ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০১:৩৬ পিএম

দর্শকদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে পরীক্ষামূলকভাবে বড় পাখাযুক্ত ফ্যান বসানোর কাজ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ফ্যান স্থাপন করা হচ্ছে।

তামিম বলেন, এটা একদমই পরীক্ষামূলক ব্যবস্থা। শেডগুলো এই ফ্যানের ওজন বহন করতে পারে কিনা এবং ফ্যান বসানোর পর তা কতটা কার্যকর হয়—সেসব বিষয় যাচাই করা হবে।

তিনি আরও জানান, পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে মিরপুর স্টেডিয়ামের ছাউনিযুক্ত গ্যালারির বিভিন্ন অংশে স্থায়ীভাবে এই ফ্যান বসানো হবে। পাশাপাশি দেশের অন্যান্য ভেন্যুতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় মাঠে বসে খেলা উপভোগ করা দর্শকদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তামিম।

আরও পড়ুন
BANGLADESH

সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ

তার ভাষায়, এতে হয়তো খুব বড় পরিবর্তন আসবে না, তবে দর্শকদের কষ্ট কিছুটা কমাতে পারাটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা চাই মাঠে দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো হোক।

ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়াম অভিজ্ঞতা উন্নত করতে বিসিবির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে