images

খেলা / ক্রিকেট

ক্রিকেটে নতুন বিস্ময়, ৬ বলে ৬ উইকেট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৩:৪৮ পিএম

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে চমকে দিয়েছেন পেসার মাইলস ডেভিস। এক ওভারে টানা ছয় বলে ছয় উইকেট তুলে নিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি।

দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না পেলসালের। ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিস।

নিজের পঞ্চম ওভারে বল করতে এসে শুরুটা করেন একটি ‘ওয়াইড’ দিয়ে। তবে একই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পিটার স্টিভেন্স ও এহসান আকবরকে বোল্ড করে সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হওয়ায় ১১তম ওভারে আবার ডেভিসের হাতে বল তুলে দেন অধিনায়ক জ্যাক পোপ। আর সেই সিদ্ধান্তই ইতিহাস গড়ে দেয়। নিজের পরের ওভারের প্রথম বলেই অ্যালেক্স জোন্সকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস।

এরপর যেন রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান তিনি। পরের তিন বলেই একে একে বোল্ড করেন ড্যানিয়েল পেন্নেল, টম রাইট ও জেমি হলমেসকে। ফলে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে গড়েন বিরল রেকর্ড, পাশাপাশি পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।

ডেভিস শেষ পর্যন্ত ১৬ রান দিয়ে ৭ উইকেট নেন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পেলসাল ক্রিকেট ক্লাব, তারা মাত্র ১২.৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন
CTG

চট্টগ্রামে বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার ঘটনা আগেও দেখা গেছে, তবে ছয় বলে ছয় উইকেট এমন নজির সত্যিই বিরল। ডেভিসের এই কীর্তি ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে