বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৩:৫৪ পিএম
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে আবারও পাকিস্তানে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের কারণে মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে হলেও, শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।
শুরুতে তাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় পরিস্থিতি বদলায়। গুরুত্বপূর্ণ ম্যাচে নাহিদকে পেতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে অনুরোধ করা হলে শেষ পর্যন্ত অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবাল-কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।”
উল্লেখ্য, এবারের পিএসএল নিলামে ৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স দেখান এই তরুণ পেসার। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি, যেখানে তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪২।
এরই মধ্যে কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেড-কে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্য থেকে একটি দল ফাইনালে উঠবে।
আরটিভি/এসকে