images

খেলা / ক্রিকেট

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের সিরিজ হার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৬:২৮ পিএম

সিলেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করতে পারে স্বাগতিকরা। দলের হয়ে শারমিন আক্তার ৪৭ বলে ৪ চার মেরে ৪৪ রানে অপরাজিত থাকলেও তার ইনিংস দলকে জয়ের পথে নিতে পারেনি।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নারী দল ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। হার্শিতা সামারাবিক্রমা ৪৯, অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২, ইমেশা দুলহানি ২৭ এবং নিলাকশিকা সিলভা ২২ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট নেন।

রান তাড়ায় শুরুটা ভালো করলেও পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দিলারা আক্তার ২৩ বলে ২৩ এবং জুরাইরিয়া ফেরদৌস ২৯ রান করে ভালো সূচনা এনে দেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় জ্যোতির দল।

শারমিন আক্তারের ধীরগতির ইনিংস শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেনি দলের ওপর। শেষ দিকে রিতু মনির ৫ বলে ৯ রানের ক্যামিওও পরাজয় এড়াতে যথেষ্ট হয়নি।

আরও পড়ুন
tamim-iqbal

নির্বাচনে লড়ার ঘোষণা তামিম ইকবালের

শ্রীলঙ্কার কাভিশা দিলহারি ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের তিনটি উইকেট রান আউটে পতন ঘটে।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শ্রীলঙ্কা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো। আগামী ২ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

আরটিভি/এসকে